-কি করছো? – ছবি আকঁছি। - ওটা তো একটা বিন্দু। – তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে কেন্দ্র হবে তুমি আর আমি হবো বৃত্তাবর্ত। - কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না আমি চাই অসীমের অধিকার। – একটু অপেক্ষা করো. . . এবার দেখো। ওটা কি? ওটা তো মেঘ। – তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে। তুমি হবে নি:সীম দিগন্ত আরআমি হবো দিগন্তরেখা। - কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে আমি চিরন্তন হতে চাই। – আচ্ছা, এবার দেখো। - একি! এ তো জল। – তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে তিনভাগ জলের তুমি হবে জলকন্যা আর আমি হবো জলাধার। - আমার যে খন্ডিতে বিশ্বাস নেই আমার দাবী সমগ্রের। – একটু অপেক্ষা করো, এবার চোখ খোল। - ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়। – হ্যাঁ, এটা হৃদয়। যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায় এবার বলো আর কি চাই তোমার? - সারাজীবন শুধু ওখানেই থাকতে চাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন